কৃষকদের স্বার্থে ডেপুটেশন, ধান ক্রয়ে স্বচ্ছতার দাবি কিষান কংগ্রেসের

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- বৃহস্পতিবার ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা কিষান কংগ্রেসের প্রদেশ চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি চয়ন ভট্টাচার্য এবং ধর্মনগর জেলা কিষান কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ন্যায্যমূল্যে ধান ক্রয়, প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন, সার ও বীজ সরবরাহের স্বচ্ছতা এবং কৃষি দপ্তরের কার্যপ্রণালী নিয়ে একাধিক দাবি উত্থাপন করা হয়। কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।সভা শেষে প্রতিনিধিদল এগ্রিকালচার দপ্তরের ডেপুটি ডাইরেক্টরের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন। দীর্ঘ আলোচনার পর ডেপুটি ডাইরেক্টর আশ্বাস দেন যে উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রকৃত কৃষকদের কাছ থেকেই যাতে ধান ক্রয় করা হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। কিষান কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেও তারা হাঁটতে প্রস্তুত।