রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর মহকুমায় পরপর দুটি পৃথক পথ দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুই ঘটনাতেই দ্রুতগতির বাইকের ভূমিকা থাকায় শহর জুড়ে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে শহরের বটরশি এলাকায়। দমকল দপ্তর সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় তিনজন পথচারী অল্পবিস্তর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল এবং চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠান। অপর দুর্ঘটনাটি ঘটে আনন্দবাজার এলাকায়। দমকলকর্মী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাইক (নম্বর :- TR05F6597) এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। প্রায় ৫৫ বছর বয়সী ওই সাইকেল আরোহী রাস্তায় লুটিয়ে পড়েন এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের তৎপরতায় তাঁকেও দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন আহতরাদুই দুর্ঘটনায় আহত মোট পাঁচজনই বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে চোট থাকলেও সকলেই শঙ্কামুক্ত। প্রশ্নের মুখে পথ নিরাপত্তা, পরপর দুটি দুর্ঘটনার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় দের অভিযোগ, শহরের বিভিন্ন রাস্তায় দ্রুতগতির বাইক চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারের দাবি উঠেছে।
পরপর দুই পথ দুর্ঘটনায় জখম পাঁচ
