রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- দেশব্যাপী বামেদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের কোন প্রভাব পড়ল না ধর্মনগরে। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় জনজীবনে আংশিক প্রভাব লক্ষ্য করা গেলেও পরবর্তীতে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল খোলা। হাতে গোনা কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েনি শহর। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বামেদের সমর্থনে সকালেই সিপিআইএম নেতৃত্বের উদ্যোগে একটি মিছিল বের হয় শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল ঘিরে পুলিশি নজরদারি ছিল কড়া। কোথাও যাতে বিশৃঙ্খলা না ছড়ায়, সে জন্য মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসির নেতৃত্বে টহলদারি জোরদার করা হয়। শহরের বাজার খোলা ছিল। অফিস- আদালত, স্কুল-কলেজ যথারীতি খোলা থাকলেও উপস্থিতি তুলনামূলক কম ছিল। রাস্তায় অটো ও ই-রিকশা চলাচল করতে দেখা যায়। তবে দূরপাল্লার বাস পরিষেবায় ও কোন প্রভাব পড়েনি, যথারীতি ধর্মনগর থেকে আগরতলার ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ফলে সাধারণ যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয় নি। পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। দিনের শেষে সামগ্রিক চিত্র কতটা স্পষ্ট হয়, এখন সেদিকেই নজর।
বামেদের ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রভাব নেই ধর্মনগরে
