রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- ধর্মনগর মহকুমার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুবাড়ি রোডে নতুন করে পিচের কাজ শুরু হলেও কাজ চলাকালীন অবস্থাতেই পিচ উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। কৃষ্ণচরণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হাফলং সড়ক – বড় আখড়া ও তহসিল ভায়া – প্রায় ১৪০০ মিটার দীর্ঘ এই রাস্তায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, ঠিকভাবে প্রস্তুতি ছাড়াই পিচের প্রলেপ দেওয়া হচ্ছে, ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার উপরিভাগ উঠে যাচ্ছে। কাজ চলাকালীন এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, রাজ্যের বহু এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের অভাবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কোথাও কোথাও মেটেল পর্যন্ত উঠে গিয়ে যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়দের আরও দাবি, গত এক বছরে কিছু কিছু রাস্তায় নতুন কাজ শুরু হলেও অধিকাংশ ক্ষেত্রেই নিম্নমানের কাজ হয়েছে। ফলে কাগজে-কলমে উন্নয়ন দেখা গেলেও বাস্তবে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন না। মধুবাড়ি রোডও সেই একই সমস্যার শিকার বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কথায়, অতীতে নির্মিত বহু রাস্তা নিয়মিত সংস্কারের অভাবে আজ কার্যত ধ্বংসের মুখে। ইতিমধ্যে কয়েকটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় প্রতিদিনের যাতায়াত, বিশেষ করে স্কুলপড়ুয়া ও রোগীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উন্নত মানের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
রাস্তা সংস্কারের নামে দেদার দূর্নীতি, নিম্নমানের কাজে, চরম ভোগান্তি
