রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত ইউরো হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুল অল্প সময়ের মধ্যেই অভিভাবক দের আস্থার কেন্দ্র হিসেবে উঠে এসেছে। স্কুলের প্রিন্সিপাল স্বরূপ মজুমদার জানান, ২০২১ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়। প্রথমদিকে ছাত্রছাত্রীদের উপস্থিতি তেমন উল্লেখযোগ্য না থাকলেও ২০২২ সাল থেকে ভর্তির হার এবং উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। বর্তমানে বিদ্যালয়টি এলাকায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। প্রিন্সিপাল স্বরূপ মজুমদার বলেন, এই স্কুলের মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে শিক্ষাদান। ছোট ছোট শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখে পাঠ্যক্রম সাজানো হয়েছে। শুধুমাত্র বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাচ্চাদের সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফ্ট, বক্তৃতা, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। বিদ্যালয়ে দুই বছর বয়স থেকেই শিশুদের ভর্তি নেওয়া হয়। তিন বছর বয়সে নার্সারিতে ভর্তি করা হয় এবং বর্তমানে স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রিন্সিপাল জানান, আগামী শিক্ষাবর্ষে স্ট্যান্ডার্ড টু চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে স্কুলের পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।এছাড়াও তিনি জানান, ভবিষ্যতে বিদ্যালয়টিকে সিবিএসসি (CBSE)– এর গাইডলাইন অনুসারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ধাপে ধাপে পরিকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষাসামগ্রী সংযোজন এবং প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, সিবিএসসি মানদণ্ড অনুসরণ করলে ছাত্রছাত্রীরা আরও বিস্তৃত ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে। তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। আগামী এপ্রিল মাস পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। ইতিমধ্যেই বহু অভিভাবক তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন বলে জানা গেছে। শিশুদের আনন্দময় পরিবেশে শিক্ষাদান এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছে ইউরো হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুল। এলাকার শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন অভিভাবক মহল।
শিশুদের সার্বিক বিকাশে জোর, অভিনব পদ্ধতিতে শিক্ষাদান ইউরো হেরিটেজ স্কুলের
