কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে ধর্মনগরে বিজেপির সাংবাদিক সম্মেলন

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৬ ফেব্রুয়ারি :- গত ১লা ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্তৃক উপস্থাপিত ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুরস্থিত জেলা বিজেপি দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য এবং কারাগার ও ওবিসি কল্যাণ দপ্তরের “মন্ত্রী সান্তনা চাকমা”, উত্তর জেলা বিজেপির জেলা “সভাপতি কাজল দাস” সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে “মন্ত্রী সান্তনা চাকমা” বলেন, প্রতি বছর দেশের অর্থমন্ত্রী আগামী এক বছরের জন্য দেশের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করে কেন্দ্রীয় বাজেট পেশ করেন। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর” “বিকশিত ভারত” গড়ার স্বপ্নকে সামনে রেখে ২০৪৭ সালের লক্ষ্য নির্ধারণ করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের বাজেট – যেখানে গরিব, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকল শ্রেণির মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটের আর্থিক দিক তুলে ধরে মন্ত্রী জানান, গত অর্থবছরে মোট বাজেট বরাদ্দ ছিল ৫০ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ লক্ষ ৫ হাজার কোটি টাকা। অর্থাৎ প্রায় ২ লক্ষ ৮১ হাজার ২৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মহিলা ক্ষমতায়ন এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। “মন্ত্রী সান্তনা চাকমা” বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে এবং ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে সহায়ক হবে।সাংবাদিক সম্মেলনের শেষে কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুস্পষ্ট দিশা দেখানোর জন্য “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী” ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।