রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৬ ফেব্রুয়ারি :- মনরেগা প্রকল্পে কাজের অধিকার নিশ্চিতকরণ, অহিংসা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে শুক্রবার ধর্মনগরে গণধর্না ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে উত্তর জেলা কংগ্রেস। ধর্মনগর জেলা প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় কর্মী – সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মনরেগা প্রকল্প কার্যত সংকটে পড়েছে – এই অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, গ্রামীণ মানুষের রুজি – রোজগারের অন্যতম ভরসা মনরেগাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হচ্ছে। কর্মসূচিতে বক্তারা বলেন, কাজের অধিকার মানুষের মৌলিক অধিকার, অথচ বর্তমান পরিস্থিতিতে বহু শ্রমজীবী মানুষ ন্যায্য কাজ ও মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।এদিনের গণধর্না ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেসের সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, কেবল নন্দি, জেলা কংগ্রেস কমিটির সদস্য ইন্দ্রজিৎ পাল সহ একাধিক জেলা স্তরের কংগ্রেস নেতৃত্ব। ধর্না শেষে একটি প্রতিনিধিদল উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান-এর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মনরেগা প্রকল্পে অবিলম্বে পর্যাপ্ত কাজের সুযোগ সৃষ্টি, বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জোরালো দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্ব জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। এদিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
মনরেগা বাঁচাও সংগ্রামে ধর্মনগরে কংগ্রেসের গণধর্না ও ডেপুটেশন
