যুব বিচিত্রা প্রতিনিধি, নুতন দিল্লি, ০৬ ফেব্রুয়ারি :- আসামের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ কৃপানাথ মাল্লাহ শ্রীহট্ট সম্মিলনী (সিলেট ইউনিয়ন)-এর আসন্ন ১৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কলকাতায় শুরু হতে যাওয়া বছরব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে তিনি এক বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এই ঐতিহাসিক মাইলফলককে সমগ্র সিলেটি সমাজের জন্য গর্ব ও গভীর কৃতজ্ঞতার বিষয় হিসেবে উল্লেখ করে সাংসদ মাল্লাহ বলেন, বর্ষব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি শ্রীহট্ট সম্মিলনীর গৌরবময় ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে এবং সমাজে সংগঠনটির দীর্ঘদিনের অবদানকে নতুন করে তুলে ধরবে।

ডা. সুন্দরী মোহন দাস, বিপিন চন্দ্র পাল এবং স্বামী সন্তদাস বাবাজি নামে পরিচিত তারকিশোর চৌধুরীর মতো দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃবৃন্দ শ্রীহট্ট সম্মিলনী প্রতিষ্ঠা করেন ১৮৭৬ সালে। সেবা, ঐক্য ও জাতীয় চেতনার আদর্শকে সামনে রেখেই সংগঠনটির পথচলা শুরু হয়।
পরবর্তী সময়ে গুরুসদয় দত্ত ও ডা. ত্রিগুণ সেনের মতো বিশিষ্ট জাতীয় ব্যক্তিত্বদের নেতৃত্ব ও দিকনির্দেশনায় শ্রীহট্ট সম্মিলনী আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সর্বভারতীয় স্তরে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
প্রায় দেড় শতাব্দী ধরে শ্রীহট্ট সম্মিলনী তার প্রতিষ্ঠালগ্নের আদর্শে অবিচল থেকে শিক্ষা প্রসার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটিদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রেও সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বলে সম্মিলনী সূত্রে জানানো হয়েছে।
