৭২ ঘণ্টার ব্যবধানে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক

যুব বিচিত্রা প্রতিনিধি, উদয়পুর, ০৫ ফেব্রুয়ারি :- উদয়পুরে এর আগে মালবাহী ট্রাক চাপা পড়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে গাড়ি ও বাইকের সংঘর্ষে প্রাণ গেল আরও এক তরুণের। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক।

ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ উদয়পুর মহকুমার বাগমা সমতল পাড়া জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্রামগঞ্জ দিক থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল একটি মোটরবাইক। জাতীয় সড়কের বাগমা সমতল পাড়া এলাকায় পৌঁছনোর পর আচমকাই বিপরীত দিক থেকে আসা TR03F1930 নম্বরের একটি বোলেরো গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে TR03K7690 নম্বরের বাইকটির। সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে রাস্তায়। ঘটনাস্থলেই তারা গুরুতরভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগমা ফাড়ি থানার পুলিশ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরকে। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত দুই যুবককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাইকের পিছনে বসা বুখা জমাতিয়া (২১)-কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বাইক চালক কোথার সাধন জমাতিয়া (২২) গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, নিহত ও আহত উভয়েরই বাড়ি অম্পি থানাধীন ডোলুরুং বাড়ি এলাকায়। দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে এবং গাড়ির নম্বরের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বাগমা ফাড়ি থানার পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরপর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।