জীবজন্তু কল্যাণ দিবস উপলক্ষে ধর্মনগর আইএসবিটি চত্বরে অ্যান্টি-র‍্যাবিস টিকাকরণ শিবির

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ জানুয়ারি :- বসন্ত পঞ্চমী উপলক্ষে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের আইএসবিটি চত্বরে পালিত হলো “জীবজন্তু কল্যাণ দিবস – ২০২৬”। এই দিনের উপলক্ষে ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর উত্তর জেলা এবং পি-কেয়ার এনজিও ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং কে-নাইন এনজিও এর যৌথ উদ্যোগে ধর্মনগরের রাজবাড়ি আইএসবিটি চত্বরে এক অ্যান্টি-র‍্যাবিস টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে পথকুকুর ও পোষ্য প্রাণীদের র‍্যাবিস প্রতিরোধে টিকা প্রদান করা হয়। পাশাপাশি পথচারি ও আশ্রয়হীন প্রাণীদের জন্য খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পি-কেয়ার এনজিও এর প্রতিনিধি সঞ্জীব ধর, এবং জেলা সভাপতি প্রসান্ত চক্রবর্তী এছাড়াও ধর্মনগর পশুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডঃ মোহিনী নাথ এবং ডঃ ভেলি দেববর্মা সহ অন্যান্য কর্মীরা। এই কর্মসূচি সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত চলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে র‍্যাবিসের মতো মারণ রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য আসবে।

স্থানীয় পশুপ্রেমী ও স্বেচ্ছা সেবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।