কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে উদয়পুরে বিজেপির সাংবাদিক সম্মেলন

যুব বিচিত্রা প্রতিনিধি, উদয়পুর, ০৪ ফেব্রুয়ারি :- গত ১লা ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্তৃক উপস্থাপিত কেন্দ্রীয় বাজেটকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার উদয়পুরের গোমতী জেলা বিজেপি দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় খাদ্য, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, গোমতী জেলা বিজেপির সভানেত্রী সবিতা নাগ, জেলা সম্পাদক উত্তম দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতি বছর দেশের অর্থমন্ত্রী আগামী এক বছরের জন্য দেশের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করে বাজেট পেশ করেন। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্নকে সামনে রেখে ২০৪৭ সালের লক্ষ্য নির্ধারণ করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট একেবারেই সাধারণ মানুষের বাজেট, যেখানে গরিব, মধ্যবিত্ত ও ধনী – সব শ্রেণির মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটের আর্থিক দিক তুলে ধরে মন্ত্রী জানান, গত অর্থবছরে মোট বাজেট বরাদ্দ ছিল ৫০ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ লক্ষ ৫ হাজার কোটি টাকা। অর্থাৎ প্রায় ২ লক্ষ ৮১ হাজার ২৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মহিলা ক্ষমতায়ন এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

সংবাদ সম্মেলনের শেষে কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুস্পষ্ট দিশা প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।