সুরজিৎ দাস, পাঁচগ্রাম, ১৯ নভেম্বর :- সেবাই ধর্ম – এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আবারও উদ্যোগী হয়েছে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার। সোমবার বদরপুরঘাট সংলগ্ন লক্ষী নারায়ণ বিবাহ ভবনে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ অর্থবছরে ক্লাবের পঞ্চম বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির।
শিবিরটির আয়োজন করে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও লায়ন্স চক্ষু হাসপাতাল। সহযোগিতায় ছিল ভারত বিকাশ পরিষদ, বদরপুর শাখা এবং বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ (বিভিসিএল)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএলের সিইও মুকেশ আগরওয়াল, বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, গুরুনন্দন ঘোষ, এনাম উদ্দিন, সমরজিৎ চক্রবর্ত্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ভারত বিকাশ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন এস. মনিহার সিনহা, রামানুজ দেবরায় প্রমুখ।
চক্ষু সমস্যায় ভুক্তভোগী সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত এ শিবিরে শতাধিক রোগী নিবন্ধন করে চোখের পরীক্ষা করানো হয়। এদিন ২৪ জন রোগীর চোখে ছানি (ক্যাটারেক্ট) শনাক্ত হয়েছে। তাদের সকলকে বিনামূল্যে আইওএল (ইন্ট্রা ও কুলার লেন্স) সার্জারির জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া ২৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল এবং ক্লাবের পাবলিক রিলেশন অফিসার (পি.আর.ও) শমীন্দ্র পাল।
এদিন লায়ন্স ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফুর রহমান, অভয় জৈন, সপ্তশ্রী দে। স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন অনুরাধা বোস ও আইনজীবী লক্ষী দত্তগুপ্ত। ভারত বিকাশ পরিষদের পক্ষে নিরুপম নন্দি, দয়াল চন্দ্র সরকার, নিত্যানন্দ ভট্টাচার্য, রূপালী মালাকার। তাছাড়াও চিকিৎসক দলের মধ্যে ছিলেন, ডা: মনিদীপ চক্রবর্তী, টেকনিশিয়ান রুহুল আমিন বড়ভূঁইয়া ও অপরাজিতা বরা, নার্স মিতালী দে প্রমুখ। এদিনের এই মানবিক উদ্যোগ বদরপুর ও আশপাশের মানুষের মাঝে প্রশংসনীয় হয়েছে।
