রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০2 ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার দশদা ও দামছড়া আরডি ব্লকের জন্য ‘সম্পূর্ণতা অভিযান ২.০’ – এর আনুষ্ঠানিক সূচনা হল সোমবার দামছড়া আরডি ব্লক প্রাঙ্গণে। গ্রামীণ উন্নয়ন ও সার্বিক সামাজিক অগ্রগতিকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক ও সমাহর্তা চান্দনী চন্দ্রান, এছাড়াও দশদা ও দামছড়ার ব্লকের বিডিও সহ প্রশাসনের একাধিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্কুল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘সম্পূর্ণতা র্যালি’ আয়োজিত হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। র্যালির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে তথ্যভিত্তিক স্টল স্থাপন করা হয়, যেখানে সরকারি প্রকল্প ও পরিষেবার বিস্তারিত তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণ কারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। পাশাপাশি আয়োজিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান, স্বাক্ষর অভিযান এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তাশীল ও প্রেরণামূলক আলোচনা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘সম্পূর্ণতা অভিযান ২.০’ শুধুমাত্র একটি কর্মসূচি নয়, বরং এটি গ্রামীণ সমাজকে সর্বাঙ্গীণ উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দৃঢ় সংকল্প। এই কর্মসূচির মাধ্যমে দশদা ও দামছড়া ব্লকের সার্বিক উন্নয়নে নতুন দিশা মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও প্রশাসনিক আধিকারিকরা।
