রেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদে জেলা শ্রম আধিকারিকের কাছে টিকেএমইউ-এর ডেপুটেশন

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, 2 ফেব্রুয়ারি :- কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন (এমজিএনরেগা) প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদে সোমবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন (টিকেএমইউ)-এর উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলা শ্রম আধিকারিকের নিকট এক প্রতিনিধি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের মাধ্যমে টিকেএমইউ নেতৃত্ব অভিযোগ করেন, রেগা প্রকল্পের নাম পরিবর্তনের মাধ্যমে শ্রমজীবী মানুষের ঐতিহাসিক অধিকারকে খর্ব করার চেষ্টা চলছে। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের এমজিএনরেগা প্রকল্প পুনর্বহাল করার দাবি জানান। পাশাপাশি বছরে প্রতি শ্রমিককে ন্যূনতম ২০০ দিনের কাজ নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সহ-সম্পাদক হরকুমার নাথ, জেলা কমিটির সদস্য নিরঞ্জন চক্রবর্তী, অবনী দে, কৌশিক চক্রবর্তী, কমলাক্ষ চক্রবর্তী ও মতিলাল দাস। নেতৃত্বের বক্তব্য, রেগা প্রকল্প গ্রামীণ দরিদ্র শ্রমজীবী মানুষের জীবন – জীবিকার অন্যতম ভরসা, সেখানে নাম পরিবর্তন বা নীতিগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। টিকেএমইউ স্পষ্ট জানিয়েছে, শ্রমিকস্বার্থবিরোধী যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠন ভবিষ্যতেও ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে।