রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩১ জানুয়ারি :- উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া এলাকার নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শনিবার দামছড়া মহকুমা শাসক-এর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে সংশ্লিষ্ট এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, বিদ্যুৎ পরিষেবার অনিয়ম, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার ঘাটতি সহ একাধিক নাগরিক সমস্যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, যার ফলে ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ। এছাড়াও, এলাকায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাব থাকায় জল জমে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে স্মারকলিপিতে জানানো হয়েছে। পানীয় জলের স্থায়ী ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং ভাঙাচোরা রাস্তাগুলির দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানকারীরা প্রশাসনের কাছে অনুরোধ জানান, সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। বিষয়টি নিয়ে এসডিও দপ্তর থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এসডিও-র কাছে স্মারকলিপি প্রদান, একাধিক দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন গ্রামবাসীরা
