নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি :- রমন ইনস্টিটিউট, ধর্মনগর ও পানিসাগর শাখার যৌথ উদ্যোগে জানুয়ারি মাসের প্রথম দিকে ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছিল মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড টেস্ট। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ও তিলথই বিদ্যালয় – এই দুই কেন্দ্রে আয়োজিত ঐ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রদান করা হয়। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি – এই তিনটি বিভাগে মোট ৮০ জন কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষকমহলে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাপরিষদের সভাধিপতি অপর্না নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান তরুণ কুমার দে কাননগো, বিশিষ্ট শিক্ষক শশাঙ্ক শেখর দাস সহ একাধিক শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব। উল্লেখ্য, এই শিক্ষামূলক উদ্যোগটি দীর্ঘ তিন বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং চলতি বছরে তা তৃতীয় বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তারা জানান, আগামী দিনেও ছাত্রছাত্রীদের মেধা বিকাশে এ ধরনের অলিম্পিয়াড ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল – এই অলিম্পিয়াডে অংশ গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনও প্রকার ফি নেওয়া হয়নি। বিভিন্ন সংস্থার সহযোগিতার পাশাপাশি রমন ইনস্টিটিউটের সদস্যদের নিজস্ব উদ্যোগেই সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এদিন রমন ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু ভট্টাচার্য, পাশাপাশি সম্রাট সিং, কৌশিক চৌধুরী ও সৈকত মজুমদার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে – এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
