এসটিএফ ও বিএসএফের যৌথ হানায় ধর্মনগরে বিপুল নগদ ও অস্ত্র উদ্ধার

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩০ জানুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগরে নেশা কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং সীমান্তরক্ষী বাহিনী (BSF)। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রামের ২ নং ওয়ার্ডের ইয়াকুবনগর এলাকায় কুখ্যাত নেশা কারবারি হাফিজ মিয়াঁর বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন হাফিজ মিয়াঁর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আপত্তিকর ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, একটি টাকা গননার মেশিন, নেশা সামগ্রী প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত বিপুল সংখ্যক খালি পলিথিন প্যাকেট, নেশা বাণিজ্যের যাবতীয় হিসাব সংবলিত একাধিক খাতা এবং বেশ কিছু ধারালো অস্ত্র। উদ্ধার হওয়া এসব সামগ্রী থেকে পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই এই বাড়ি থেকে সুসংগঠিতভাবে নেশা ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং এর সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে

পারে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত হাফিজ মিয়াঁ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি অভিযান জারি রেখেছে এবং সীমান্ত সংলগ্ন এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।এই মেগা অভিযানের নেতৃত্বে ছিলেন রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার অফিসার-ইন- চার্জ মিনা দেববর্মা সহ বিপুল সংখ্যক পুলিশ ও বিএসএফ জওয়ান। যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। অভিযান শেষে পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা জানান, রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া নেশা কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে নেশা কারবার সংক্রান্ত যে কোনো তথ্য পুলিশের কাছে জানানোর আহ্বানও জানান তিনি।