স্টাডিপয়েন্ট কোচিং সেন্টারে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৩ জানুয়ারি :- ধর্মনগর মহকুমার রামকৃষ্ণ মিশন রোডস্থিত নন্দমোহন সরণিতে অবস্থিত স্টাডিপয়েন্ট কোচিং সেন্টারে প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করা হয়। শিক্ষা ও সংস্কৃতির মিলনে এই পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। কোচিং সেন্টারের কর্ণধার নেহাল ধর জানান,এই কোচিং সেন্টারে মোট ২০০ জন ছাত্রছাত্রী আছে, ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোচিং সেন্টারে পড়ানো হয়, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। তাঁর কথায়, “সরস্বতী পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের ঐক্য, শৃঙ্খলা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।”এ বছরও নিয়ম মেনে মূর্তি আনয়নের মাধ্যমে পূজা অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকেই কোচিং সেন্টার চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পূজার আচার-অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার পর দুপুরে সকলের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়, যা বিকেল পর্যন্ত চলে। সার্বিকভাবে স্টাডিপয়েন্ট কোচিং সেন্টারের সরস্বতী পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে বলে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।