রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩০ জানুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন হাফলঙ গর্জনটিলা দেওয়ানপাশা ৬ নাম্বার ওয়ার্ড এলাকার এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মন বাহাদুর সোনার, পিতা মৃত শ্যাম বাহাদুর সোনার, বয়স ৭৫, এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির ছেলে জয় বাহাদুর সোনার আজ থানায় একটি মিসিং ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০টা নাগাদ মন বাহাদুর সোনার বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার সময় জানিয়েছিলেন যে তিনি একটি ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও উনার কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির ছেলে জয় বাহাদুর সোনার জানিয়েছেন, উনার বয়স প্রায় ৭৫ বছর। নিখোঁজের সময় উনার পরনের পোশাক ছিল আর্মি কালার জ্যাকেট এবং ফরমাল কালো প্যান্ট। সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কেউ তাকে ভুল পথে প্রলুব্ধ করতে পারে। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন জানানো হয়, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা হয়। পাশাপাশি, যদি কেউ মনবাহাদুর সোনার সম্পর্কে কোনও তথ্য জানতে পারেন, তবে নিকটবর্তী থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয় পরিবারের পক্ষ থেকে।যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে দুটি মোবাইল নাম্বার দেওয়া হয় +918787398798 অথবা +918798919971, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ধর্মনগর থেকে নিখোঁজ ব্যক্তি, থানায় জিডি দায়ের
