ধর্মনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত অভিরূপ দেবনাথের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১২ অক্টোবর :- মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ছোট্ট অভিরূপ দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগরে পৌঁছান প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে। তাঁরা অভিরূপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। উল্লেখ্য, মহা অষ্টমীর রাতে ধর্মনগর মহকুমার ফায়ার সার্ভিস সংলগ্ন শিবনাথ রোডের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও তাঁর পুত্র অভিরূপ দেবনাথ দীঘলবাক এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দ্রুতগতিতে আসা একটি মারুতি ওয়াগনার গাড়ি তাঁদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাটি পাশের একটি বিবাহ ভবনের সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে।স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তর করা হয়। নবমীর দিনই অভিযুক্ত গাড়িচালক সৌভিক নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তবে দীর্ঘ চিকিৎসার পরও ৪ অক্টোবর রাতে মৃত্যু হয় ছোট্ট অভিরূপের। অভিরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর জুড়ে নেমে আসে শোকের ছায়া। শহরবাসী দোষী চালকের কঠোরতম শাস্তির দাবি জানান। ৫ অক্টোবর রাতে আহত পিতা অভিজিৎ দেবনাথকে নিয়ে বাড়ি ফেরে পরিবার – সঙ্গে আসে অভিরূপের নিথর দেহ। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেন এবং বলেন, অভিরূপের মৃত্যুর জন্য যিনি দায়ী, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে হবে। আমরা পরিবারটির পাশে আছি” বললেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।