রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩০ জানুয়ারি :- সুরক্ষা মাস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দীঘলবাক এলাকায় অবস্থিত উত্তর জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে রক্তদান শিবিরের পাশাপাশি এইচআইভি– এইডস স্ক্রিনিং টেস্ট ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ধর্মনগর এলাকার মোটর শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি পরিবহন দপ্তরের অফিস কর্মী, চালক ও সহচালকরাও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন এবং রক্তদানে এগিয়ে আসেন।
রক্তদান শিবিরে মোট ২৫ জন রক্তদান করেন। এছাড়াও বহু চালক ও শ্রমিক এইচআইভি – এইডস স্ক্রিনিং ও চক্ষু পরীক্ষার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চালক ও শ্রমিক দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ বিষয়ে জেলা পরিবহন আধিকারিক এস্টার জংথে জানান, জানুয়ারি মাসকে সড়ক সুরক্ষা মাস হিসেবে পালন করা হয় এবং এই মাস জুড়ে বিভিন্ন কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি যেসব চালক হেলমেট ব্যবহার করেন না, তাঁদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী হেলমেটও প্রদান করা হয়। তিনি আরও জানান, শুধু জানুয়ারি মাসেই নয়, সারা বছর ধরেই সড়ক সুরক্ষা ও জনসচেতনতা কর্মসূচি অব্যাহত রাখা হয়। বিভিন্ন বিদ্যালয়েও ছাত্রছাত্রী দের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।
সড়ক সুরক্ষা মাস উপলক্ষে ধর্মনগরে পরিবহন দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির
