রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩০ জানুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি গেট এলাকায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় নজরুল হকের একটি দোকানের সামনে থেকে প্রায় ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সবকটি নোটই ২০০ টাকার বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাল নোটগুলি বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে জানা যায়, দোকানের সামনে একটি প্যাকেটের মধ্যে নোটগুলি রাখা ছিল। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার বাসিন্দা নজরুল হক দাবি করেন, তিনি এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তাঁর বক্তব্য, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যেই তাঁর দোকানের সামনে জাল নোট ফেলে রাখা হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পুলিশ জানিয়েছে, প্রথম পর্যায়ে ঘটনাস্থলে সাদা পোশাকে দু’জন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। পরে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চুড়াইবাড়ি থানার পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিষয়টির প্রকৃত সত্য উদঘাটনে সব দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে। জাল নোট চক্রের সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চুড়াইবাড়িতে জাল নোট উদ্ধার, তদন্তে পুলিশ
