রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৭ জানুয়ারি :- যুবরাজনগর কেন্দ্রের অন্তর্গত তিলথৈ মহাপ্রভু আশ্রম প্রাঙ্গণে নেতাজি সুভাষ চন্দ্র বোস সামাজিক সংস্থার উদ্যোগে শুরু হলো তিন দিনব্যাপী নেতাজি সুভাষ চন্দ্র বোস মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৬। বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের পশুকল্যাণ ও মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস,উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, নেতাজির আদর্শ আজও আমাদের প্রেরণা। তাঁর দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সামাজিক ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের মেলার ভূমিকা অপরিসীম বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, যুবরাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ, যুবরাজনগর ব্লকের চেয়ারপার্সন অপর্না সিনহা, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, উত্তর জেলার জেলাপরিষদের সহ-সভাধিপতি ভবতোষ দাস,মেলা কমিটির সভাপতি প্রশান্ত দেবনাথ সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বগণ। মেলার প্রথম দিনেই স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ব্যাপক জনসমাগমে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
তিন দিনব্যাপী নেতাজি সুভাষ চন্দ্র বোস মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন
