রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৭ জানুয়ারি :- মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর র্যালি। ধর্মনগর মহকুমার বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে অংশ নেন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।সকালে ধর্মনগরের বিবিআই স্কুলের মাঠ থেকে সুসজ্জিত র্যালির সূচনা হয়। হাতে নেতাজির ছবি, জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন। র্যালি চলাকালীন দেশাত্মবোধক স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ধর্মনগর শহর। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমাশাসক দেবযানী চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগন।র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নেতাজির আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষক-শিক্ষিকারা বলেন, নেতাজির সাহস, আত্মত্যাগ ও নেতৃত্বগুণ ছাত্রসমাজের কাছে অনুকরণীয় উদাহরণ। অভিভাবকরাও এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন।র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান স্মরণ করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে বর্ণাঢ্য র্যালি
