রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৭ জানুয়ারি :- সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ও পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে মঙ্গলবার আন্দোলন কর্মসূচি পালন করলেন ব্যাঙ্ক কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে ধর্মনগরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শাখার কর্মচারীরা এই আন্দোলনে অংশ নেন। সকাল থেকে ব্যাঙ্ক চত্বরে ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনকারীরা স্পষ্টভাবে উল্লেখ করেন – “উই ডিমান্ড ফাইভ ডেজ ব্যাঙ্কিং”। ব্যাঙ্ক কর্মচারীদের অভিযোগ, ইন্ডিয়ান ব্যাঙ্কস অফ অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে আলোচনার মাধ্যমে পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে। এমনকি বিষয়টি বাস্তবায়নের জন্য সুপারিশও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন না মেলায় এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক কর্মীদের উপর কাজের অতিরিক্ত চাপ বেড়েই চলেছে বলে দাবি করেন তারা।বিক্ষোভস্থলে উপস্থিত ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হলে কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি কর্মীদের মানসিক চাপ অনেকটাই কমবে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তাদের দাবি, কর্মীদের কাজের পরিবেশ উন্নত হলে এর সরাসরি প্রভাব পড়বে গ্রাহক পরিষেবার মানের উপর, যা সাধারণ মানুষের পক্ষেও লাভজনক হবে। নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্বের বহু দেশেই ইতিমধ্যেই পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা সফলভাবে চালু রয়েছে। অথচ দেশে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। আন্দোলন কারীরা সরকারের কাছে অবিলম্বে পাঁচ দিনের ব্যাংকিং চালুর অনুমোদন দেওয়ার জোরালো দাবি জানান। এদিনের আন্দোলন কর্মসূচিতে ধর্মনগরের স্টেট ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা স্লোগান ও প্রতিবাদের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলন কারীরা হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে সারা দেশে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
পাঁচ দিনের ব্যাংকিং চালুর দাবিতে ধর্মনগরেও ব্যাঙ্ক কর্মচারীদের জোরালো আন্দোলন
