খেলাধুলার মাধ্যমে সুস্থ ভবিষ্যৎ গড়ার বার্তা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৫ জানুয়ারি :- কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব। কৃষ্ণপুর এলাকার মোতাবুর রহমানের বাড়ির পাশের মাঠে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কৃষ্ণপুর ও দুপিরবন্ধ ক্রীড়া উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক মোঃ আমিরুজ্জামান রহমান। আহ্বায়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মক্তবুর রহমান। ক্রীড়া উৎসবে ক্রিকেট ফাইনাল, ভলিবল প্রতিযোগিতা, দৌড়, শিশুদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি নৃত্য পরিবেশনাও অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলার মধ্য দিয়ে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণ বিকশিত হয়। তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ক্রীড়া উৎসব স্থানীয় যুবসমাজ ও শিশু-কিশোরদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।