ক্রীড়া দপ্তরের অনুষ্ঠানে ফের উপেক্ষিত সাংবাদিকরা, ক্ষোভ ধর্মনগরে

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৫ জানুয়ারি :- ধর্মনগরের বিবিআই কমপ্লেক্সে নবনির্মিত গৌরী শেখর রায় ইনডোর স্পোর্টস হল-এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি চরম অবহেলার অভিযোগ উঠেছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ধর্মনগরের সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও বাস্তবে তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা হয়নি বলে অভিযোগ। অনুষ্ঠানস্থলে মঞ্চের সামনে সাংবাদিকদের বসার জন্য নির্দিষ্ট চেয়ারের ব্যবস্থা করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর দেখা যায়, সংবাদ সংগ্রহ ও কভারেজের কাজে সাংবাদিকরা উঠে গেলে সেই নির্দিষ্ট আসনগুলি দখল করে বসেন স্বঘোষিত ধর্মনগরের একঝাঁক নেতা ও নেত্রী। ফলে অনুষ্ঠান কভার করার পর ফিরে এসে সাংবাদিকদের বসার জন্য আর কোনও জায়গা অবশিষ্ট থাকে না। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, আমন্ত্রিত হয়েও বারবার এভাবে অপমানের শিকার হতে হচ্ছে। শুধু এই অনুষ্ঠানই নয়, ধর্মনগরে ক্রীড়া দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আয়োজিত কর্মসূচিতেও সাংবাদিকদের সঙ্গে একই ধরনের আচরণ লক্ষ্য করা যায়।সাংবাদিক মহলের বক্তব্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। অথচ সরকারি অনুষ্ঠানে সংবাদ কর্মীদের জন্য ন্যূনতম সম্মান ও সুব্যবস্থা না থাকা অত্যন্ত দুঃখজনক। তাঁরা দাবি করেন, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য আলাদা ও সুরক্ষিত বসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সংবাদমাধ্যমকে উপেক্ষা করার এই প্রবণতা বন্ধ না হলে আগামী দিনে সরকারি অনুষ্ঠান কভারেজ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন সাংবাদিকরা।