উৎসর্গ রায়, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- রাজ্যের শিক্ষা জগতে এক গৌরবময় অধ্যায় রচনা করলেন সূচনা নাথ। পরপর দুইবার স্বর্ণপদক অর্জনের মাধ্যমে তিনি রাজবাড়ি, ধর্মনগর, উত্তর ত্রিপুরা তথা সমগ্র রাজ্যকে গর্বিত করেছে। আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর-এর অধীনে ২০২৩ – ২০২৫ শিক্ষাবর্ষে Department of Education-এর এম.এড. চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে তিনি ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে স্বর্ণপদকে ভূষিত হন। এর পূর্বে, ২০২৪ সালে Vivekananda College of Education থেকে বি.এড. পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে তিনি স্বর্ণপদক লাভ করেন।
উল্লেখযোগ্যভাবে, বিশ্ববিদ্যালয়ের অধীন ১৩টি কলেজের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিরল সাফল্য অর্জন করে সূচনা নাথ।সে শ্রীভূমির বিবেকানন্দ কলেজ অব এডুকেশন-এ লাইফ সায়েন্স মেথডের নিয়মিত প্রভাষক হিসেবে কর্মরত। ২০১৯ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ডিগ্রি কলেজ, ধর্মনগর থেকে বি.এসসি. (জু’ লজি অনার্স) এবং ২০২১ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি. (মাইক্রোবায়োলজি) ডিগ্রি অর্জন করেন তিনি। প্রতিকূলতা ডিঙিয়ে অদম্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন করে সুচনা নাথ আজ রাজ্যের ছাত্রসমাজের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।




