রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- গত ৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকায় এক ডেলিভারি বয়ের কাছ থেকে মূল্যবান সামগ্রী চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ওইদিন ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে ডেলিভারি বয় রাস্তার পাশে নিজের বাইক রেখে একটি বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি দেখতে পান, বাইকের সঙ্গে রাখা ডেলিভারির জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ উধাও।ডেলিভারি বয় আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনো সন্ধান না পেয়ে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, চুরি যাওয়া ব্যাগের ভিতরে একটি আইফোন ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ৮৬ হাজার টাকা।অভিযোগ পাওয়ার পর ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। গোপন সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে এক যুবককে আটক করে। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, আটক অভিযুক্তের নাম পিনাক উদ্দিন। তাঁর বাড়ি কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত উত্তর হুরুয়া এলাকায়।পুলিশ অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া আইফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আইফোনটি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাজ উদ্দিন নামে এক যুবক বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে আটক করে।ঘটনায় পুলিশি তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডেলিভারি বয়ের ব্যাগ চুরি, এক সপ্তাহের মধ্যে আইফোন উদ্ধার, আটক অভিযুক্ত
