ধর্মনগরে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ মার্চ :- উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় বুধবার সন্ধ্যায় আচমকা নেমে আসা প্রবল ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে, কয়েক মিনিটের মধ্যেই জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। শহর সহ আশেপাশের একাধিক জনবহুল এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল দমকা হাওয়া। ঝড়ের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হন। ঝড়ের তাণ্ডবে বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়, গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট কার্যত বন্ধ হয়ে পড়ে। ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি এলাকা অন্ধকারে থাকতে হবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি, ঝড়ের জেরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাতেও বিঘ্ন ঘটে বলে জানা গেছে। এছাড়া, স্থানীয় বাজার এলাকায় একাধিক দোকানের ক্ষতি হয়েছে। দোকানের নিত্য সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, সবজি ও ফলের চাষে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। ঝড়ের সময় রাস্তায় থাকা কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।