রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- প্রাণীদের সুরক্ষা, পরিচর্যা এবং পশুকল্যাণ বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মনগর শহরের জেলরোডস্থিত উৎসব হোটেল সংলগ্ন এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) এক পশুকল্যাণমূলক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর পশু হাসপাতালের চিকিৎসক ডঃ মোহিনী নাথ। তিনি পশুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত টিকাকরণের গুরুত্ব, অসুস্থ প্রাণীদের সময়মতো চিকিৎসা এবং সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি দপ্তরের ডিরেক্টর, যিনি পশুকল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।এছাড়াও উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ডঃ ভেলি দেববর্মা, যিনি দীর্ঘদিন ধরে পশুকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। কর্মসূচিতে আরও অংশ নেন পি-কেয়ারস এনজিও ফর এনিমেল ওয়েলফেয়ারের প্রতিনিধি সঞ্জীব ধর। তিনি পথপ্রাণীদের সুরক্ষা, খাদ্য ও চিকিৎসা সহায়তা সংক্রান্ত সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং পশুকল্যাণে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পোষ্য কুকুর ও বিড়ালসহ মোট ১০০টিরও বেশি পোষ্য ও পথকুকুরকে টিকাকরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি প্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মনগর পুরপরিষদ এলাকার অন্তর্গত বিভিন্ন স্থানে প্রতি সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে এই ধরনের পশুকল্যাণমূলক টিকাকরণ কর্মসূচি আয়োজন করা হবে।
ধর্মনগর জেলরোডে পশুকল্যাণমূলক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত
