গেরুয়ার ঢেউয়ে ভাসলো কাঞ্চনপুর, মানিক সাহার সভায় জনজোয়ার

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১০ জানুয়ারি :- শনিবার দুপুর গড়াতেই উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর নতুন মোটরস্ট্যান্ড প্রাঙ্গণ যেন এক বিশাল গেরুয়া ক্যানভাসে রূপ নেয়। হাতে হাতে পতাকা, মুখে স্লোগান – মানুষের ঢলে স্পষ্ট রাজনৈতিক উচ্ছ্বাস। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার উপস্থিতিতে বিজেপির প্রকাশ্য জনসমাবেশ ঘিরে কাঞ্চনপুর কার্যত রূপ নেয় উৎসবের ময়দানে। মঞ্চে একে একে উপস্থিত হন রাজ্য সরকারের মন্ত্রী সান্তনা চাকমা, টিংকু রায় বিকাশ দেববর্মা, তৎসঙ্গে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, বিজেপি নেতা বিপিন দেববর্মা, জনজাতি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক স্বপন রায় রিয়াং, উত্তর জেলা সভাপতি কাজল দাস ও কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর। তাঁদের উপস্থিতিতে সভার উত্তাপ আরও বাড়ে। ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রসঙ্গে সরাসরি মানুষের কথা বলেন। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন,সরকার মানুষের পাশে আছে এবং আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। রাজ্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অধ্যুষিত এলাকা গুলিতে উন্নয়নের ছোঁয়া আজ স্পষ্ট। বিভাজনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন সচেতন – কে প্রকৃত উন্নয়ন করে, তা তারা বুঝে গেছেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যে অপরাধের হার উল্লেখযোগ্য ভাবে কমে বর্তমানে প্রায় ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে। এই সভাতেই রাজনৈতিক সমীকরণে চমক – সিপিআই(এম), আইপিএফটি ও ত্রিপুরা মথা থেকে ৩৩৮টি পরিবারের মোট ৭৫৯ জন ভোটার বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে দলবদলের সেই মুহূর্ত ঘিরে সভাস্থলে তৈরি হয় উচ্ছ্বাস। সকাল থেকেই কাঞ্চনপুর ও আশপাশের এলাকা থেকে মানুষের ঢল নামে। প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জনসমাবেশ শুধু একটি রাজনৈতিক সভা নয় – কাঞ্চনপুরে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তির স্পষ্ট বার্তা দিয়ে গেল।