রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১০ জানুয়ারি :- সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে দেশজুড়ে মনরেগা প্রকল্প রক্ষা ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে শুরু হতে চলেছে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচি। এই সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরেও কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে আজ ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি দিগবিজয় চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দিগবিজয় চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পকে দুর্বল করে তুলছে। মনরেগা শ্রমিকদের ন্যূনতম ১০০ দিনের কাজ নিশ্চিত করা হচ্ছে না, মজুরি প্রদানে চরম বিলম্ব ঘটছে এবং প্রকল্পের বরাদ্দ ধারাবাহিকভাবে কমানো হচ্ছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি মারাত্মক সংকটের মুখে পড়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মনরেগা শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি গ্রামীণ দরিদ্র মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ বিজেপি সরকার এই প্রকল্পকে কার্যত বন্ধ করার চক্রান্ত করছে। কংগ্রেস দল এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছে। জেলা কংগ্রেস নেতৃত্ব জানান, আগামী দিনে ধর্মনগর সহ উত্তর জেলার বিভিন্ন ব্লক ও গ্রামাঞ্চলে মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করা হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় গণআন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া হবে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃবৃন্দ সকল স্তরের মানুষকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি সফল করতে সাংবাদিক সম্মেলন ধর্মনগরে
