‘নো হেলমেট, নো ফুয়েল’ অভিযানকে সফল করতে ধর্মনগরে প্রশাসনিক বৈঠক

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৯ জানুয়ারি :- সড়ক নিরাপত্তা জোরদার করতে এবং দুই চাকার যানবাহন চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ অভিযান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মনগর মহকুমায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল ১০টি পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা কঠোরভাবে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হেলমেট ছাড়া কোনো দুই চাকার যানবাহন চালককে পেট্রোল সরবরাহ করা হবে না।
আলোচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, হেলমেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তাই আইন মেনে চলার পাশাপাশি নাগরিকদের জীবন সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রোল পাম্প মালিকরাও প্রশাসনের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতে নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ‘নো হেলমেট, নো ফুয়েল’ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। এর মাধ্যমে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।