যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশই তুঙ্গে উঠছে। সেই প্রেক্ষিতে রবিবার উত্তর ত্রিপুরা জেলা বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দলীয় সূত্রে জানা যায়, এই বৈঠকে জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী, মণ্ডল সভাপতি, বুথস্তরের কর্মীসহ বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন। আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে সংগঠনকে সুসংহত করতে হবে এবং প্রত্যেক কর্মীকে সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করতে হবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে পবিত্র বিধানসভায় পাঠানোর জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন। এদিনের বৈঠকে নির্বাচনী কৌশল, প্রচার পরিকল্পনা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং বিরোধীদের মোকাবিলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, এই উপ-নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা জয়ের জন্য প্রত্যেক স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠক শেষে উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তারা একযোগে প্রতিজ্ঞাবদ্ধ হন যে, দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
ধর্মনগর উপ-নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জোরদার প্রস্তুতির বার্তা
