যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৮ জানুয়ারি :- ইচ্ছেডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আগামী ৯ জানুয়ারি, শুক্রবার থেকে ধর্মনগরে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘ইচ্ছেডানা নাট্য পার্বণ ২০২৬’। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে সন্ধ্যা ছ’টার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নাট্যোৎসবের সূচনা করা হবে।সদ্যপ্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা রাজ্যের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের স্মরণে নাট্য উৎসবের দিনগুলিকে বিশ্ববন্ধু সেন মঞ্চ নামে উৎসর্গ করা হবে। এই নাট্য পার্বণ চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। তিনদিনব্যাপী এই নাট্যোৎসবে মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান। উদ্বোধনীর দিনে ধর্মনগরের নাট্যদল কাব্যচিত্র তাদের নাটক ‘রূপকথার কেলেঙ্কারি’ পরিবেশন করবে। দ্বিতীয় দিন অর্থাৎ ১০ জানুয়ারি, শনিবার পরিবেশিত হবে আরও দুটি নাটক। প্রথম নাটক মঞ্চস্থ করবে উদয়পুরের মুক্ত প্রতিভা নাট্যদল – তাদের প্রযোজনা ‘উজান ভাটি’। দ্বিতীয় নাটক পরিবেশন করবে বদরপুরের থিয়েটার ওয়ার্কশপ নাট্যদল, তাদের নাটকটির নাম ‘আইডেন্টিটি’।নাট্য পর্বণের শেষ দিন ১১ জানুয়ারি, রবিবার ধর্মনগরের নাট্যদল বর্নমালার নাটক ‘অসমাপন’ দিয়ে দিনের সূচনা হবে। এরপর নাট্য উৎসবের সমাপ্তি পর্বে পরিবেশিত হবে রং-মশাল করিমগঞ্জ, তাদের নাটক ‘ভৌতিক’। এদিনের সাংবাদিক সম্মেলনে ইচ্ছেডানা আয়োজক সংস্থা জানান, ইচ্ছেডানা নাট্যদলের উদ্যোগে সারা বছর নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ইচ্ছেডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের অধীনে ধর্মনগরের নয়াপাড়া প্রগতিরোডে ‘ইচ্ছেডানা থিয়েটার একাডেমি’ নামের একটি নাট্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে নিয়মিতভাবে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের নাট্যশিক্ষা প্রদান করা হয়। আয়োজকদের আশা, এই নাট্য পার্বণের মাধ্যমে নাট্যসংস্কৃতির বার্তা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছবে।
আগামী ৯ জানুয়ারি থেকে ধর্মনগরে শুরু হচ্ছে ‘ইচ্ছেডানা নাট্য পার্বণ ২০২৬’
