হাইলাকান্দিতে ১৭,৭৭৪জন নারী পেলেন ১০ হাজার টাকার চেক!
সুরজিৎ দাস, হাইলাকান্দি, ০৬ ডিসেম্বর :- মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর আর্থিক ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোগকে আরও সংগঠিত করতে হাইলাকান্দিতে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ (MMUA)।এই প্রকল্পের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৃহৎ উদ্যোগের সূচনা করেন, যেখানে হাইলাকান্দি জেলার মোট ১৭,৭৭৪ জন মহিলা SHG সদস্য প্রত্যেকে লাভ করেছে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
সকাল সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ডিএসএ স্পোর্টস কমপ্লেক্সে অবতরণ করলে তাকে স্বাগত জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে শোনেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। অনুষ্ঠানে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রাই সহ দলীয় কর্মী সমর্থক রা উপস্থিত ছিলেন সেখানে।
নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, “কংগ্রেসের উন্নয়ন মানেই ছিল ধুতি আর লুঙ্গি বিলি করা”। মানুষের জীবনে কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। আমাদের সরকার সেই ভুলধারাকে বদলে দিচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যের ১২ লাখ মহিলা MMUA-র সুবিধা পেয়েছেন। পূর্ণ বাস্তবায়নের পর এই সংখ্যা পৌঁছাবে ৪০ লাখে। মুখ্যমন্ত্রীর মতে, “এই ১০ হাজার টাকার সহায়তা SHG গোষ্ঠীর সদস্যদের যৌথ উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে বড় ভূমিকা রাখবে। এতে মহিলাদের স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে।”
অরুণোদয় প্রকল্প সম্পর্কেও মুখ্যমন্ত্রী জানান, নতুন বছরে এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি “বড়োসড়ো ঘোষণা” আসতে চলেছে, যা শিগগিরই প্রকাশ করা হবে। হাইলাকান্দির উন্নয়নেও এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান – হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থাপন করা হবে অত্যাধুনিক MRI মেশিন। জেলার বহু বছরের দাবি পূরণ করে স্থাপন করা হবে একটি নতুন মেডিকেল কলেজ।
মুখ্যমন্ত্রীর মতে, “স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো – সব ক্ষেত্রেই হাইলাকান্দি দ্রুত এগোচ্ছে। আরও নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” SHG সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাদের গৃহভিত্তিক ব্যবসা, ক্ষুদ্র উৎপাদন ও অন্যান্য আয় – বর্ধনমূলক কার্যক্রমে বিশেষ সহায়ক হবে।

দিনের শেষে MMUA চেক বিতরণ কর্মসূচি শুধু প্রশাসনিক উদ্যোগে সীমাবদ্ধ থাকেনি, বরং হাইলাকান্দির হাজারো নারীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের পথ দেখিয়ে গেল।যা আত্মনির্ভর ভারতের একটি অঙ্গ হিসেবে কাজ করবে “মহিলা উদ্যেমিতা প্রকল্প”।
এদিন হাইলাকান্দি ছাড়াও কাছাড় জেলার ধলাই বিধানসভায় ও “মহিলা উদ্যেমিতা” প্রকল্পের চেক তুলে দেন কর্মবীর মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা।
