শিলচর – ফুলেরতল সেতুতে এক মাস ভারী যান চলাচল স্থগিত

জনসংযোগ শিলচর, ২৭ নভেম্বর :- লোকনির্মান সড়ক বিভাগ শিলচর বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে শিলচর – ফুলেরতল সড়ক থেকে কনকপুর সংযুক্তকারী বর্তমান সেতুটি ২৮ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের ভারী যানবাহনের চলাচলের জন্য বন্ধ থাকবে। সেতুর পাইলিং ও শক্তিবৃদ্ধি সংক্রান্ত জরুরি কারিগরি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লোকনির্মান বিভাগের শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ কর্তৃক জারি করা সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে যে সেতুর কাঠামোগত নিরাপত্তা রক্ষার স্বার্থে এই একমাসের বিধিনিষেধ অপরিহার্য।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ বিকল্প রুট হিসেবে “নাথপাড়া রোড (বেরেঙ্গা হয়ে)” ব্যবহার করার পরামর্শ দিয়েছে, যা সাময়িকভাবে ডাইভার্সন পথ হিসেবে নির্ধারিত হয়েছে।

উপরোক্ত সিদ্ধান্তের ফলে যাত্রী ও পরিবহন ব্যবস্থায় যে সাময়িক অসুবিধা সৃষ্টি হতে পারে, তার জন্য বিভাগ দুঃখ প্রকাশ করেছে। তবে ভবিষ্যতে সেতুর নিরাপত্তা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয় বলেও জানানো হয়েছে।