আজ ও অমানবিক দৃশ্যে মানব চেহারার দানবরা
সুজন চক্রবর্তী, বদরপুর ২৮ নভেম্বর: বরাক উপত্যকার শ্রীভূমি জেলার বদরপুরঘাটে শুক্রবার ২৮ নভেম্বর সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন স্থানীয় জনগন। বরাক সেতুর পাশের এলাকায় একটি কম্বলে মোড়ানো শিশু সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখে আতংক ও শোকের ছায়া গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তাঁরা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন একটি ৬ মাসের শিশু, নিথর অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বরাক সেতুতে ওঠার পাকা সিঁড়ি অংশ থেকে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এ কারণে ঘটনাটি খুন নাকি অমানবিক অবহেলা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসী পুরো ঘটনাকে ” নৃশংস , জঘন্যতম” ঘটনা আখ্যা দিয়েছেন।
