অবশেষে প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে পাঁচ অভিযুক্তকে উচ্চ আদালতে পেশ

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগরের অনলাইন ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুকাণ্ড মামলায় নতুন মোড়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে পাঁচ অভিযুক্তকে আজ নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্ত দের বিরুদ্ধে কোনও ধরনের জামিন মঞ্জুর না করে মামলাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবী দেবদাস বক্সি।জানা গেছে, ঘটনার ৭২ দিন পর এই মামলায় চার্জশিট পেশ করা হয়। চার্জশিট দাখিলের পর আজ পুনরায় শুনানি হয়। এদিন আদালতে পাঁচ অভিযুক্তকে হাজির করা হলে মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন মাননীয়সআদালত। আইনজীবী দেবদাস বক্সি জানান, গত ৭২ দিন ধরে তিনি এই মামলাটি পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালীন মামলার সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা হয়েছে। এই বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, “অতিসত্বর এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু হবে বলে উনারা আশাবাদী। ন্যায়বিচার নিশ্চিত করতে উনি আইনগতভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।” এদিকে, প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। মামলার অগ্রগতিতে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। মামলার বিষয়টি সমাজের সামনে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানান মামলার আইনজীবী দেবদাস বক্সি। এখন সকলের নজর উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।