মুখ্যমন্ত্রীর “পকি পথ আঁচনি” র বাস্তবায়নে ব্যাপক দূর্নীতি, দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার!
ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৫ নভেম্বর :- মুখ্যমন্ত্রীর পথ নির্মাণ আঁচনির অধীনে লালছড়া থেকে দশহাল মুল্লাপুর পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এই রাস্তার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করলেও বাস্তবে নাম মাত্র কাজের নমুনা। রাস্তাগুলোর অধিকাংশ জায়গায় নিম্নমানের কাজ, যার ফলে

রাস্তার দু-দিকের অংশ ভেঙ্গে পড়েছে , রাস্তার মাঝে পুকুর সম গর্তের মিছিল হয়ে পড়েছে। অন্যদিকে রাস্তার মধ্যে রয়েছে একটি সেতু , সেই সেতুটি কাজ শেষ হতে না হতে একপ্রান্ত ভেঙ্গে যাচ্ছে। যানবাহন নিয়ে চলাচল করা
ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় সেতুটি ভেঙ্গে পড়ার মতো প্রবল আশঙ্কা। কাজের মান ও খরচের অঙ্কের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের আশ্বাস দেওয়া হলেও তা কাগজেই সীমাবদ্ধ বলে দাবি বাসিন্দাদের। আজ স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকের বিরুদ্ধে প্রতিবাদে

গর্জে ওঠেন। এলাকার লোকজন জানান চার কোটি টাকার কাজের এক তৃতীয়াংশ কাজ করেনি ঠিকাদার। সাইনবোর্ডে যে টাকা দেখানো হয়েছে, রাস্তার অবস্থায় তার অর্ধেকেরও প্রমাণ নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত এবং নিম্নমানের কাজের দায় নির্ধারণের দাবি তুলেছেন।

স্থানীয়দের পক্ষ থেকে আলী হোসেন জানান আগামী এক মাসের ভিতরে এই রাস্তা ও সেতু মেরামতের কাজ সম্পূর্ণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দেন। এছাড়াও উক্ত রাস্তার নির্মাণ কাজে তদন্তের দাবি তুলেছেন একাংশরা, দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
