মেয়েরা সব পারে

আলপনা নাথ

মেয়েরা সব পারে, কী পারেনা
তাদের তো ভ্রুনেই হত্যা করে দেয় অতি প্রিয়জনেরা
কেউ কেউ জন্ম নেয়
অন্যকে সুখী করতে।
মেয়েরা সব পারে কি পারে না?
সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যের শিকল ভেঙে একবার বেরিয়ে আসুক
তখন দেখবে সে উঠছে অনেক উপরে ক্রমশঃ,
সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা পায়ে মাড়িয়ে অনেক দূরে চলে গেছে সে;
মেয়েরা সব পারে, কি পারে না?
কেবল হেঁসেল ঠেলছে বলে তাচ্ছিল্য করো?
গলা বাজিয়ে বলো কিছুই করে না,
সে কেবল হাউসওয়াইফ।
হাউস ওয়াইফ আছে বলেই আঙ্গুল চেটে খাচ্ছ চব্য- চোষা- লেয্য- পেয়,
হাউস ওয়াইফ আছে বলে, পরিচ্ছন্ন পোশাক পরছো
হাউস ওয়াইফ আছে বলে নিশ্চিন্তে আছো
হাউস ওয়াইফ আছে বলেই
পৃথিবী জন শূন্য হয়নি।
তারা আছে বলেই
ছেলেমেয়েদের মানুষ বানাতে পারছো,
হাউস ওয়াইফ আছে বলেই অসুস্থ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হচ্ছে না
হাউস ওয়াইফ আছে বলে পরিচ্ছন্ন পরিবেশে আছো।
মর্যাদা না দিলেও সে তোমার ঘর সংসার আগলে রাখছে।
মেয়েরা সব পারে,
ঘরে বাইরে কাজ করতে পারে যদি তারা দেয়াল ভেঙে বেরোতে পারে।
সব মেয়েরা বাইরে বেরোতে পারে না। কেউ বেরোতে দিতে চায়না।
তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বাইরে বেরোতে দেওয়া হয় না।
সমস্ত যোগ্যতা ধ্বংস করে দাও।
তবুও তোমাদের যোগ্যতার মূল্য দেয় সে।

তোমাদের আরো উপরে তুলে দেওয়ার চেষ্টা করে। অথচ তাকে তোমরা পায়ের নিচে দাবিয়ে রাখো।
সে মেয়ে বলে তার কন্ঠরোধ করে রাখো,
নিষেধের অদৃশ্য শেকলে বেঁধে রাখো,
চোখে চোখে রাখো
চার দেয়ালের মাঝে খাঁচায় বন্দি পাখির মতো।
একবার ছেড়ে দাও তাকে
নিজের মতো করে বলতে দাও
নিজের মতো করে চলতে দাও
নিজের মতো করে জগৎটা দেখতে দাও
নিজের মত ভাবতে দাও
দেখবে তখন সে পুরো দেশকে নেতৃত্ব দিতে পারবে
পৃথিবীকে চমকে দিতে পারবে।
মানব সভ্যতাকে এগিয়ে দিতে পারবে তার আবিষ্কারে, তার কর্মে, তার যোগ্যতায়।
কোন কাজে সে পিছিয়ে থাকবে না।
এগিয়ে নিয়ে যাবে দেশকে।
মেয়েরা সব পারে, কেবল একটা সুযোগ দাও।
তাকে ভ্রূণে হত্যা করো না
তাকে বাঁচতে দাও
বাঁচার মতো করে বাঁচতে দাও।