ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৬ নভেম্বর :- হাইলাকান্দি জেলার ৭৩৫ টি ন্যায্য মূল্যের দোকানে (রেশন দোকান) আগামী ১০ নভেম্বর সকাল ১০ টা থেকে রেহাই মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ বিতরণ শুরু হবে। এই উপলক্ষে জেলার সব কয়টি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের এই নতুন জনমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত অভিষেক জৈন বিভাগীয় আধিকারিকদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় জানানো হয় যে চলতি মাসের সামগ্রী গুলি ২০ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। সভায় আরো জানানো হয়, সোমবার উদ্বোধনের দিন জেলার সব রেশন দোকানে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে। এজন্য সব

রেশন দোকানে গ্রাহকদেরকে কেন্দ্রীয় অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করতে বলা হয়। তবে জেলার যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাব রয়েছে সেগুলোর পার্শ্ববর্তী নেটওয়ার্ক থাকা কোন এক এলাকায় লাইভ স্ট্রিমিং ব্যবস্থা করতে সভায় নির্দেশ দেওয়া হয়। সভায় রেশন দোকানীদের কে তাদের অধীনস্থ এলাকায় এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। জেলার সমবায় সমিতিগুলির সচিব রেশন দোকানি সংস্থাগুলির প্রতিনিধি দের উপস্থিতিতে সভায় অন্যান্যদের মধ্যে এডিসি লাইরহলু খেনতে এবং বিজেপি যুব মোর্চার ডঃ মিলন দাস এবং সানি বিশ্বাস সভায় অংশ নেন।
