ইকবাল হুসেন চৌধুরী, আগরতলা, ০৬ নভেম্বর :- ভুয়া মহিলা ফেসবুক আইডি খুলে বিশিষ্ট সাংবাদিক ও হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে কুৎসা ও অশালীন মন্তব্য করার অভিযোগে সুদীপ দেব্বর্মা – কে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। উত্তর ঘিলাতলী এলাকার রিংকি দেব্বর্মা নাম ব্যবহার করে সুদীপ দেব্বর্মা চালায় ভুয়ো ফেসবুক একাউন্ট। সেখান থেকে উল্টোপাল্টা পোষ্ট, সমাজের বিভ্রান্তিমূলক পোষ্ট করার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কয়েকদিন ধরে নিজ পরিচয় গোপন রেখে ‘রিংকি দেব্বর্মা’ নামে একটি ভুয়া ফেসবুক পেইজ পরিচালনা করছিলেন। সেই পেজ থেকে সাংবাদিক প্রণব

সরকারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করা হয়েছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রণব সরকার লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে পুলিশ অভিযুক্তকে উত্তর ঘিলাতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যেই একাধিক ভুয়া ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সাংবাদিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে “মিডিয়া হুমকি দেওয়ার পরিকল্পিত চেষ্টা” বলে অভিহিত করেছেন।
