আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়ে আহত মহিলা, দ্রুত উদ্ধার দমকলের

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ ফেব্রুয়ারি :- ধর্মনগর মহকুমা আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন এক বৃদ্ধা মহিলা। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস-এর কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে যান। দমকল সূত্রে জানা যায়, আজ ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ আদালত চত্বর থেকে দমকল দপ্তরে ফোনে খবর আসে যে এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।প্রাথমিকভাবে জানা যায়, ব্যক্তিগত এক কাজের সূত্রে তিনি আদালতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত লাগে। উপস্থিত লোকজন দ্রুত দমকল দপ্তরে খবর দেন।দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। আহত মহিলার নাম সালমা বেগম (৬০)। তিনি ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর ডুপির বনদ এলাকার বাসিন্দা বলে দমকল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।