সংবাদ সংস্থা, ৪ নভেম্বর :- নভেম্বরের শুরুতেই বাংলার আকাশে শীতের আভাস। গত তিন দিনে টানা নামছে রাতের পারদ। শনিবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, রবিবার রাতে নেমেছে ২৩.২ ডিগ্রিতে, আর সোমবার রাতের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ২১.৪ ডিগ্রিতে – অর্থাৎ ৭২ ঘণ্টায় পারদ পতন প্রায় ৪ ডিগ্রি।
ফলে ভোরের দিকে শহরে মৃদু শীতের পরশ ও হালকা কুয়াশার চাদর দেখা যাচ্ছে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও হ্রাস পেয়েছে – শনিবার রাতে যেখানে ছিল ৫৬ শতাংশ, সোমবার রাতে তা নেমে এসেছে মাত্র ৪১ শতাংশে।
তবে এই শীতের আনন্দে জল ঢালতে চলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। গালফ অফ মায়ানমার সংলগ্ন বাংলাদেশ উপকূলে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ এলাকা, যার প্রভাবে বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী :-
বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
শনিবার থেকে আবার শুষ্ক ও মেঘমুক্ত আবহাওয়া ফিরে আসবে দক্ষিণবঙ্গে।
এই সময়ের মধ্যে সমুদ্র উত্তাল থাকবে গালফ অফ মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। তাই মৎস্যজীবীদের আজ দুপুর থেকে কাল বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ঝলমলে মেঘমুক্ত আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন নেই – যা পর্যটকদের জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি করেছে।
কলকাতায় বুধবার সকাল পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের পর কিছুটা মেঘলা হতে পারে, সঙ্গে বাড়বে বাতাসে জলীয় বাষ্প ও রাতের তাপমাত্রা। তবে চলতি সপ্তাহে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
