গণৌরে প্রকাশ্যে গুলি প্রাক্তন ক্রিকেটার – কোচ রামচরণ খুন, রাজনৈতিক বিরোধের জেরে রক্তাক্ত সন্ধ্যা

সংবাদ সংস্থা, ৪ নভেম্বর :- সোমবার সন্ধ্যেবেলা হরিয়ানার গণৌরে একের পর এক গুলির শব্দে কেঁপে উঠল জনবহুল এলাকা। প্রকাশ্যে গুলিতে ঝাঁজরা হয়ে মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটার ও কোচ রামচরণের। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পরিবার-সহ একটি বিয়েবাড়িতে যাওয়ার পথে গনৌরের সাব-ডিভিশনাল হাসপাতালের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রামচরণ। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা গাড়ি করে এসে পরপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় পৌর নির্বাচনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। নিহত রামচরণের বউমা বর্তমানে ওয়ার্ড নং ১২ -এর কাউন্সিলর। অন্যদিকে, অভিযুক্তদের মধ্যে অন্যতম সুনিল ওরফে ‘লম্বু’ গণৌর পৌরসভার প্রাক্তন কার্যনির্বাহী চেয়ারম্যান। দুই পরিবারের মধ্যে গত নির্বাচনের পর থেকেই তীব্র বিরোধ চলছিল বলে জানা গেছে।

এই নৃশংস ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট বন্ধ হয়ে যায়, পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা। সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গণৌর থানায় খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা শহর জুড়ে।