সংবাদ সংস্থা, ৪ নভেম্বর :- রাজ্যের লক্ষাধিক চাকরিপ্রার্থীর জন্য এ সপ্তাহেই আসছে বড় খবর। স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগামী শুক্রবার, ৭ নভেম্বর। সূত্রের খবর, ফল প্রকাশের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
রাজ্যের ২৬,০০০ চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে এই পরীক্ষা নেওয়া হয় গত ৭ ও ১৪ সেপ্টেম্বর। আদালতের নির্দেশ মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার ফলাফল প্রকাশের পালা।
এসএসসি সূত্রে আরও জানা গিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলও প্রকাশের সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬টি। এবার থেকে নিয়োগ প্রক্রিয়ায় বদল আনা হয়েছে – ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য মোট প্রায় ৬০ হাজার প্রার্থী সাক্ষাৎকার বা পরবর্তী ধাপে সুযোগ পাবেন। এর আগে এই অনুপাত ছিল ১:৪।
ফলে নতুন করে স্বচ্ছ ও দ্রুত নিয়োগের আশায় রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে এখন তুঙ্গে উত্তেজনা।
