ধর্মনগরে আলোর উৎসবে চুরির ছায়া – পূজার রাতে বাইক উধাও, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন!

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ অক্টোবর :- দীপাবলির আলোর উৎসবে উচ্ছ্বাসে মেতে উঠেছিল সমগ্র ধর্মনগর শহর। গতকাল ধর্মনগরের বিভিন্ন ক্লাবের কালীপূজোয় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যেই ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা।সূত্রে জানা যায়, ধর্মনগর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা স্বপ্ন কুমার দত্তের পুত্র সঞ্জয় কুমার দত্ত পূজো দেখতে ধর্মনগরে আসেন। রাত প্রায় ১০টা নাগাদ তিনি ধর্মনগর পূর্ববাজার সংলগ্ন ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির সামনে তাঁর পালসার মোটরবাইক (নম্বর TR05C-9995) রেখে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টা নাগাদ ফিরে এসে তিনি দেখেন, উক্ত স্থানে তাঁর বাইকটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো ফল না পেয়ে তিনি ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক সময়ে ধর্মনগরে মোটরবাইক চুরির ঘটনা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। পুজোর মতো উৎসবের সময়েও এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বাইক চুরি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বাইক চুরি রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এখন দেখার বিষয় – ধর্মনগর থানার পুলিশ এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং চোরের হদিস আদৌ মেলে কি না? তাছাড়া চুরি কৃত বাইক উদ্ধারে ধর্মনগর পুলিশের ভূমিকা হবে লক্ষণীয়!