মধুবন এডিসি ভিলেজে রাবার গুদাম ও প্রসেসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৭ জানুয়ারি :- গণতন্ত্র দিবসের রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকার মধুবন এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধুবন এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল নাথের ছেলে প্রীতম নাথের পঙ্কুরি ট্রেডার্স নামের রাবার গুদাম ও রাবার প্রসেসিং সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১১টা নাগাদ গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ধর্মনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও দাহ্য পদার্থ রাবারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা রাবার প্রসেসিং সেন্টারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অগ্নিকাণ্ডের তীব্রতা বিবেচনা করে ধর্মনগর থেকে আরও দুটি এবং পানিসাগর থেকে একটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট চারটি ফায়ার সার্ভিস ইউনিট দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবশেষে রাত প্রায় আড়াইটা নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকাণ্ডে রাবার গুদাম ও প্রসেসিং সেন্টারের সম্পূর্ণ অংশ ভস্মীভূত হয়ে যায়। গুদামে মজুত থাকা প্রায় ৫৫ টন রাবার আগুনে পুড়ে নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের ফলে প্রীতম চন্দ্র নাথের বসতবাড়ি সহ তার তিন কাকুর বাড়ি আগুনের গ্রাস থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর।